অস্ত্রের মুখে জিম্মি করে পুলিশের মোটরসাইকেল ছিনতাই


মিঠাপুকুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরে পুলিশের এক সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল রোববার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের বলদীপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্য লালমনিরহাট পুলিশ লাইনের কনস্টেবল গোলাম সরওয়ার। তিনি গত রোববার রাতে নিজ বাড়ি মিঠাপুকুর উপজেলার চিথলী দক্ষিণ পাড়া গ্রাম থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন।
কনস্টেবল গোলাম সরওয়ারের শ্যালক বলেন, রংপুর-ঢাকা মহাসড়কের জায়গীর ও বলদীপুকুরের মাঝামাঝি স্থানে পৌঁছালে ৪ ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৫ হাজার টাকাসহ একটি নতুন মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল জানান, তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
