শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আক্কেলপুরে ধান বোঝায় ট্রাক্টর উল্টে চালক নিহত

আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝায় ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালক নিহত হয়েছে।  আজ শনিবার দুপুর ১২ টায় আক্কেলপুর-সান্তাহার সড়কের কাঁঠালবাড়ি কবিরের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ট্রাক্টর চালক বগুড়ার আদমদিঘী উপজেলার পূর্ব ঢাকা রোড সিংড়াপাড়া গ্রামের জবিবর রহমানের ছেলে সামছুল(৩৮)।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ও অপর এক চালক সূত্রে জানা গেছে, নিহত চালক সামছুল পার্শ্ববর্তী ক্ষেতলাল বাজার থেকে ট্রাক্টরে ধান নিয়ে বগুড়ার সান্তাহারে যাওয়ার পথে উপজেলার সোনামুখী ইউনিয়নের আক্কেলপুর-সান্তাহার সড়কের কাঁঠালবাড়ি কবিরের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে জায়গা দিতে গিয়ে সড়কের পাশে ট্রাক্টরের চাকা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে চালকসহ উল্টে যায়। এ সময় স্থানীয়রা তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আক্কেলপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক এনামুল হক বলেন, আমি নওগাঁ থেকে যাত্রী নিয়ে আক্কেলপুর আসার পথে আমার সামনে ঘটনাটি ঘটেছে। যাত্রী ও স্থানীয়দের সহায়তায় চালককে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চালকের মারা যাওয়ার বিষয়টি হাসপাতালের চিকিৎসক ডা. আসিফ আদনান নিশ্চিত করেছেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, সড়কের পাশে চাকা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় এখনো কেউ অভিযোগ দেননি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This