আক্কেলপুরে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ২


আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর হিমাগারের সামনে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানচালক নিহতসহ ২জন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক ক্ষেতলাল উপজেলার আয়মাপুর গ্রামের আ. গণির ছেলে মো. আব্দুল হানান (৫৫)। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপীনাথপুর হিমাগর এর সামনে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুল হানান (৫৫) মারা যায় এবং মোটরসাইকেল থাকা ২ আরোহী গুরুতর আহত হয়।
আহতরা হলেন বগুড়া জেলার গাবতলী উপজেলার মহিষাবান গ্রামের মো. আবু হোসেনের ছেলে মো. আলিব বাবু এবং কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার অন্তর্গত ১১ নং তিলাই ইউনিয়ন অজ্ঞাত এক ব্যক্তি। আহত দুজনই পেশায় টাইলস মিস্ত্রি বলে জানা গেছে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন।
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) নুর-আমিন বলেন, গোপীনাথপুর হিমাগারের সামনে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানচালক ঘটনাস্থলেই মারা গেছেন। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দুজন আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
