বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আক্কেলপুরে শীতের তীব্রতায় যবুথবু জনজীবন

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে হিমেল হাওয়া ও ঘন কুয়াশা বৃদ্ধি পাওয়ায় শীতের প্রকোপ বাড়ছে। এতে সবচেয়ে বিপাকে পড়েছে শ্রমজীবী ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় গত শনিবার থেকে সূর্যের আংশিক দেখা মিললেও স্বাভাবিক হয়নি তাপমাত্রা। ফলে ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবীসহ নিম্ন আয়ের মানুষ। কুয়াশার দাপটে দিনের বেলাতেও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
আজ সোমবার সকাল ৯টায় বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র আক্কেলপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে ।
স্থানীয় বাসিন্দারা জানান, গত শুক্রবার সন্ধ্যা থেকে থেকে আক্কেলপুরে শীতের প্রবাহ শুরু হয়েছে। হিমেল হাওয়া দিন-রাত বইছে। একারণে বেশি শীত অনুভূত হচ্ছে। সন্ধ্যা নামতেই বাজারসহ রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ছে।
উপজেলার ভ্যানচালক নয়ন মিয়া বলেন, গত শনিবার থেকে শীত অনেক বেশি মনে হচ্ছে। ভ্যান চালাতে অনেক কষ্ট হচ্ছে। পেটের দায়ে ঠান্ডা লাগলেও বাইরে আসতে হচ্ছে।
বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, জেলায় আজকে সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল থেকে সূর্যের আংশিক দেখা পাওয়ায় আজকে শীত কিছুটা বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা এরকম থাকতে পারে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This