বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আক্কেলপুরে মানববন্ধন ও আলোচনা সভা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালন উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে ব্যাপক গুরুত্ব ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকাল সাড়ে নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল—দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত। তিনি বলেন, দুর্নীতি শুধু সমাজকে পঙ্গু করে উন্নয়নের গতি থামিয়ে দেয়। তৃণমূল থেকে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে পারলেই স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাবেদ ইকবাল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শফিউল আলম শফিসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শীতল কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনে যুক্ত করতে হবে। প্রতিটি পরিবার, প্রতিষ্ঠান ও দপ্তরে নৈতিক চর্চা বাড়াতে পারলে তবেই দুর্নীতি মুক্ত সমাজ গড়ে উঠবে।
সভায় শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। আলোচনা পর্ব শেষে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This