
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম ডাঃ জাহিদ হোসেন বলেছেন- একটা জাতির জীবনে মুক্তিযুদ্ধ হয়তো একবারই আসে। ঐ সময় যারা তরুণ-যুবক ছিলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণের গৌরব অর্জন করেছেন। কাজেই আপনি বা আমি চাইলেও এখন মুক্তিযোদ্ধা হতে পারবো না। ঐ সময়ের এই মুক্তিযোদ্ধারা সাহসের সাথে অস্ত্র হাতে তুলে নিয়েছেন, কাজেই তাদেরকে যথাযথ শ্রদ্ধা ও সম্মান দেখাতে হবে।
তিনি বলেন, তৎকালীন পুলিশ বাহিনী, ইউপিআর, আনসার, ছাত্র ও কৃষক সকল শ্রেনী পেশার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আজকে শ্রদ্ধার সঙ্গে সকল মুক্তিযোদ্ধাদের স্মরণ করি । যে সকল মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা এসেছে তাদেরকেও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ।
তিনি আরও বলেন, এই দেশ যদি স্বাধীন না হতো আমি হয়ত চিকিৎসক হতে পারতাম না। আজকে আমি সংসদ সদস্য মন্ত্রী হিসেবে বক্তব্য দিচ্ছি, যদি দেশ স্বাধীন না হতো তাহলে আমি জাহিদ হোসেন কোথায় থাকতাম।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি পাইলট হাইস্কুল মাঠে মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান, বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারিছ উদ্দিন,নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু দে, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার পরিবার, সুধিজন , রাজনৈতিক ব্যক্তিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।