
বগুড়া প্রতিবেদক
ঈদে বাড়ি ফেরার পথে ঢাকা থেকে রংপুরগামী হায়েস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ যাত্রী নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় বিস্ফোরণে দগ্ধ ও আহত হয়েছেন আরও ৯ জন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া শেরপুরের ছোনকা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা যাত্রীভর্তি একটি মাইক্রোবাস গাড়ি (ঢাকা মেট্র চ- ১৯-৩০৪১) ঈদের ছুটিতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ছোনকা এলাকায় পৌঁছানো মাত্রই হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তেই পুরো গাড়িতে আগুন ধরে যায়। আগুনের তীব্রতায় যাত্রীরা কেউই আর গাড়ি থেকে বের হতে পারেননি।
ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মৃত্যুবরণ করেন।
এছাড়াও দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।