
পঞ্চগড় প্রতিনিধি
জাতীয় সংসদ থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব ধরনের উন্নয়নসংক্রান্ত কমিটিতে প্রতিবন্ধী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি তুলেছেন পঞ্চগড়ের প্রতিবন্ধীরা। পাশাপাশি তাদের জন্য গাড়িভাড়া ও শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন সম্পূর্ণ বিনামূল্যে করার দাবিও জানানো হয়।
বুধবার জেলা প্রশাসনের সেমিনার কক্ষে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণকারীরা এসব দাবি তুলে ধরেন।
এর আগে ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ প্রতিপাদ্যে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে আসে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কর্মকর্তা অনিরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলামসহ বিভিন্ন সংগঠন, স্কুল, এনজিও প্রতিনিধি ও প্রতিবন্ধী ব্যক্তিরা।
বক্তারা বলেন, উন্নয়নের মূলধারায় প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান।