এক বছরে বিজিবির অভিযানে মাদকসহ ৬ কোটি টাকার মালামাল উদ্ধার, আটক ৩৬


নিজস্ব প্রতিবেদক
গত এক বছরে বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৬ কোটি ৬ লক্ষ তিন হাজার তিনশত আঠারো টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল ও ৩৬ জনকে আটক করেছে।
গত ২০২৫ সনের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চোরাচালান প্রতিরোধে সীমান্তে অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করতে সক্ষম হয়।
আজ শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক গত ২০২৫ সনের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সীমান্তের বিভিন্ন দায়িত্বপূর্ণ এলাকায় ৫৮৮টি চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে ৩৬ জন আসামীসহ ৬ কোটি ৬ লাখ তিন হাজার তিনশত আঠারো টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়।
এসব চোরাচালান প্রতিরোধ অভিযানে ৩,৮১২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪২৫ বোতল এমকেডিল, ১,৭৮৮ বোতল ইস্কফ সিরাপ, ১২.০৯২ কেজি গাজা, ৬২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৮,৭৩১ বোতল বিদেশী মদ, ৪২,০৯১ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ২,০২,২৩৯ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ০.১৪ কেজি কোকেন, ১০.৭৫ লিটার বাংলাদেশী মদ, ৬৮৬ বোতল বাংলাদেশী হোমিওপ্যাথিক এ্যালকোহল, ৬৮,৫২৯ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ৪০,৪১,৬৫ পিস বাংলাদেশী মদ তৈরীর ট্যাবলেট, ০৬টি ভারতীয় গরু, ৩৫ প্যাকেট কীটনাশক, ২১৫ প্যাকেট পাতার বিড়ি, ২টি লেহেঙ্গা, ১০টি শাড়ি, ৬৪ পিস বিভিন্ন প্রকার খাবার সামগ্রী, ২১৪৪ পিস বিভিন্ন প্রকার প্রসাধনি সামগ্রী, ০৫টি মোটর সাইকেল, ৮টি মোবাইল এবং ৩টি বাইসাইকেল আটক করতে সক্ষম হয়।
ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, দেশের সীমান্ত রক্ষায় আমরা বদ্ধপরিকর। সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক, মানবপাচার রোধ এবং
চোরাচালান প্রতিরোধে দিনরাত কঠোর নজরদারী রাখছে বিজিবি সদস্যরা। এরই অংশ হিসেবে সীমান্তের বিভিন্ন এলাকায় ৫৮৮টি অভিযান পরিচালনার মাধ্যমে গত এক বছরে এসব মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটকসহ চোরাকারবারিদের আটক করতে সক্ষম হয়েছে বিজিবি সদস্যরা। এধরনের কার্যক্রম অব্যহত থাকবে।
