শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কার্যালয়ে না আসায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

 

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। আজ (বুধবার) স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলের রাব্বি। কুদরত-ই-খুদা মিলন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলাধীন ১নং বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জমি জবর দখল, শ্রমিক নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি ও ৫ আগস্টের পর থেকে কার্যালয়ে অনুপস্থিতির অভিযোগের বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রতিবেদন মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আরও উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ ধারা অনুযায়ী কেন তার পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This