শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খনি কর্মচারীদের আমরন অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ ৩


নিজস্ব প্রতিবেদক
চাকুরী স্থায়ীকরণের এক দফা দাবিতে দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির আউটসোর্সিং এ নিয়োজিত কর্মচারীরা আমরন অনশন শুরু করেছেন। গতকাল শুক্রবার সকাল থেকে আন্দোলনরত কর্মচারীরা খনির অভ্যন্তরে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সামনে এই অনশন কর্মসূচী শুরু করেন। কর্মসূচীর দ্বিতীয় দিনে অসুস্থ হয়ে পড়েছেন নারীসহ ৩ কর্মচারী।

সরেজমিনে আজ শনিবার খনির অভ্যন্তরে দেখা যায়, দাবি আদায়ে অনড় আউটসোর্সিং কর্মচারীরা আমরন অনশন কর্মসূচী পালন করছেন। মাথায় কাফনের কাপড় বেঁধে রাতদিন অবস্থান করছেন তারা। এতে শারিরীক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। গুরুতর অসুস্থ হয়ে শুয়ে আছেন মো. সাকিব, আব্দুর রহমান ও ননীবালা নামে তিন কর্মচারী। তাদের শরীরে স্যালাইন দেয়া হয়েছে।

বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের বড়পুকুরিয়া কয়লাখনির সমন্বয়ক আশরাফুল ইসলাম বলেন, দীর্ঘ ১৫/২০ বছর ধরে ধৈর্য ধরে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ২০১৮ সালের প্রজ্ঞাপনের পর থেকে অর্ধেক ৩৫ হাজার টাকার বেতন ১৬ হাজারে নেমে এসেছে। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করছি। এই আন্দোলন করতে গিয়ে যদি আমাদের কোন ক্ষতি হয় এর দায় সরকার সহ সংশ্লিষ্ট সবাইকে নিতে হবে। ইতি মধ্যে একজন নারীসহ আমাদের তিনজন কর্মচারী অসুস্থ হয়ে পড়েছে। আগামীকাল (রবিবারের) মধ্যে আমাদের দাবি না মানলে আন্দোলন আরও কঠোর হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে খনির মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ ছানা উল্লাহ জানান, এই সমস্যা সারা দেশের, সরকারের উচ্চ পর্যায় থেকে যা সিদ্ধান্ত আসবে আমরা তা-ই বাস্তবায়ন করার চেষ্টা করব। এককভাবে আমাদের করার কিছু নেই। কোর্টের রায় সর্ম্পকে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, এটি আইন মন্ত্রণালয়ে অপেক্ষাধীন রয়েছে, সেখান থেকে তদন্ত আসলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারী থেকে সারা দেশের ন্যায় খনিতে বেতন বৈষম্য, বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, ওভার টাইম ও উৎসব বোনাস, নৈমিত্তিক ছুটি ও মাতৃত্বকালীন ছুটিসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের ডাকা কর্মসূচীর অংশ হিসেবে কর্মবিরতি শরু করে; কিন্তু গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) পর্যন্ত তাদের দাবির প্রতি খনি দৃশ্যমান কোন উদ্যোগ না নেয়ায় তারা শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) থেকে আমরন অনশন কর্মসূচীর ডাক দিয়ে অনশন শুরু করে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This