
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলার উত্তর গোয়ালডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ কর্মজীবন শেষে বিদায়ের এই মুহূর্তে শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত সকলের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হুমায়ুন কবির তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক।
এসময় আরও উপস্থিত ছিলেন ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দসহ সুধীজন।
বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক রাবেয়া পারভীনের দীর্ঘ কর্মজীবনের নানা অবদান তুলে ধরে তাঁর সততা, দায়িত্ববোধ ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অনুষ্ঠানের শেষে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিদায়ী প্রধান শিক্ষক রাবেয়া পারভীন বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নতি ও বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি কামনা করেন।