গণভোটের পক্ষে জনমত গড়তে জামায়াতের লিফলেট বিতরণ


নিজস্ব প্রতিবেদক
গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে বিএনপি সরকারের প্রতারণা করার প্রতিবাদে এবং জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামী। দিনাজপুরের ফুলবাড়ীতে শনিবার (১১এপ্রিল) সন্ধ্যায় উপজেলা জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মঞ্জুরুল ইসলাম, জেলা ইউনিট সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদের বাবু, ইউনিট সদস্য অধ্যক্ষ সুলতানুল আলম, পৌর জামায়াতের আমির মাওলানা জয়নাল আবেদীন, পৌর সেক্রেটারি হাফেজ মুজাহিদুল ইসলামসহ পৌর ও উপজেলার বিভিন্ন ইউনিটের জামায়াত, যুব জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্রশিবিরের নেতা কর্মীরা লিফলেট বিতরণে অংশ নেন। এসময় ফুলবাড়ী পৌর এলাকার বাসস্ট্যান্ড, নিমতলা মোড়, বাজার রোড সহ কয়েকটি স্থানে লিফলেট বিতরণ করা হয়।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান বলেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ একই তফসিলের অধীনে একই সাথে জাতীয় সংসদ এবং ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের রায় দিয়েছিল। জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১১ দলের ৭৭জন প্রতিনিধি দুটি শপথ নিলেও, বিএনপি গণভোটের রায় প্রত্যাখ্যান করে সংস্কার পরিষদের শপথ বর্জন করে। পরবর্তীতে বিরোধী দলের পক্ষ থেকে বার বার সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জানানো হলেও, সরকার তা উপেক্ষা করে গত ১৫মার্চ সংসদে লোক দেখানো ‘সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় কমিটি’ গঠনের প্রস্তাব দেয়। কিন্তু সংবিধানের কাঠামোগত আমূল পরিবর্তন ছাড়া নিছক সংশোধনীতে জনগণের আকাঙ্খা পূরণ সম্ভব নয়। তাই সরকারের এই গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদে ঐদিন সংসদ থেকে বিরোধী দল ওয়াকআউট করেছে এবং সংসদ ও রাজপথে জনরায় বাস্তবায়নের আপসহীন লড়াইয়ে অঙ্গীকার ব্যক্ত করেছে। তারই অংশ হিসেবে জনমত তৈরির উদ্দেশ্যে আমাদের লিফলেট বিতরণ কর্মসূচী।
