গাইবান্ধায় প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু


গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত জাকারিয়া ইসলাম (১৭) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
আজ রোববার সকালে অসুস্থ হয়ে নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কিশামত হামিদ গ্রামের মাহবুব আলমের ছেলে। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সাদুল্লাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।
সরেজমিনে জানা গেছে, নিহত জাকারিয়া ইসলামের পরিবারের সঙ্গে প্রতিবেশী বেলাল গংদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত ২২ফেব্রুয়ারি হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বেলাল ও তার পরিবারের লোকজন জাকারিয়াকে লাঠিপেটা করে গুরুতর আহত করেন।
নিহতের দাদা শাহা মিয়া বলেন, “আমার নাতিকে বেলাল ও তার পরিবারের লোকজন বেধড়ক মারধর করায় তার মৃত্যু হয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।” এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই যুবকের মৃত্যু হামলার কারণে হয়েছে, নাকি অন্য কোনো কারণে—এ মুহূর্তে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই প্রকৃত কারণ জানা যাবে।”
