রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে জরিমানা আদায়



গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধভাবে সেমাই প্রস্তুত ও মজুদের অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একটি লাইসেন্সবিহীন কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‎আজ রোববার দুপুরে সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া (ঠাকুরপাড়া) গ্রামের বটতলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
‎পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযানে কারখানার মালিক মাহামুদুর রহমান রনি বিরুদ্ধে যথাযথ লাইসেন্স ও অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত ও মজুদের প্রমাণ পাওয়া যায়। অভিযানকালে আনুমানিক ৫০ কেজি ভাজা সেমাই ও প্রায় ২৫০ কেজি সেমাইয়ের খামির জব্দ করা হয়। পরে তা জনস্বার্থে ধ্বংস করা হয়।
‎এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন, অনুমোদনবিহীন রং মিশ্রণ এবং লাইসেন্স ছাড়া খাদ্যদ্রব্য প্রস্তুতের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
‎এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাস ব্যাপী বিশেষ অভিযান চালানো হচ্ছে। খাদ্যে ভেজাল ও অনুমোদনবিহীন উপাদান ব্যবহার কারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS