
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় ভয়াবহ আগুনে একটি পাটের গুদাম পুড়ে গেছে। এতে গুদামে রাখা ৬০০ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। বিড়ি অথবা সিগারেটের আগুন থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আজ (মঙ্গলবার) সকালে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কামারজানি বাজারের আলহাজ্ব জহুরুল হকের পাটের গুদামে আগুন লাগে। গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) নাসিম রেজা মিলু বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮ টার দিকে গুদামটিতে হঠাৎ আগুন লাগে। ওই সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। একইসঙ্গে গাইবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই গুদামের টিনের ঘর ও পাট সব পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জহুরুল হক বলেন, গুদামে কোন বিদ্যুৎ সংযোগ ছিল না। কয়েকটি গুদামে প্রায় সাড়ে চার হাজার মণ পাট ছিল। অগ্নিকাণ্ডের সময় গুদামে কোনো লোকজন ছিল না। সকালে স্থানীয়রা গুদাম ঘরে আগুন দেখতে পান। আগুনে একটি গুদামের ৬০০ মণ পাট আগুনে পুড়ে যায়। এতে গুদাম ঘরসহ প্রায় ৫২ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেন তিনি। গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) নাসিম রেজা মিলু বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে কামারজানিতে পাটের গুদামে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি আগুন নেভাতে আড়াই থেকে তিন ঘণ্টার মতো সময় লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি অথবা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত সাপেক্ষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।