
বিরল প্রতিনিধি
দিনাজপুরের বিরলে গ্রীষ্মকালীন শিম চাষ করে সফল হয়েছেন চাষি রফিকুল ইসলাম। তিনি উপজেলার ধামইড় ইউনিয়নের ধামইড় শাহাপাড়া গ্রামের আব্দুল বাসেদের ছেলে। জানা যায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প খরিপ-২ এর আওতায় বাড়ির পাশে ২০ শতাংশ জমিতে ইসপা জাতের শিম আবাদ করেন রফিকুল। মাসের শুরুতেই তিনি তার জমি থেকে প্রথম পর্যায়ে ২শ’ টাকা দরে ৪০ কেজি শিম বিক্রি করেন। দ্বিতীয় পর্যায়ে ১৬০ টাকা দরে আবারও ১৩০ কেজি শিম বাজারজাত করেন তিনি। রফিকুল ইসলাম নিজেও শিমের ভাল বাজারদর ও ফলনে খুশি। আবহাওয়া অনুকূলে থাকলে শিমের বাম্পার ফলন আসতে পারে বলে তিনি মনে করেন। এদিকে চাষি রফিকুল ইসলামের শিম ক্ষেত পরিদর্শন করেছেন জেলার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আনিসুজ্জামান ও বিরল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম। এসময় তারা রফিকুল ইসলামের সাথে কথা বলে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। ইউনিয়নের এসএএও মতিউর রহমান জানান, তারা রফিকুল ইসলামকে পরামর্শ ও সার্বিক সহযোগিতা করে আসছেন। যেন তার শিমের ফলন ভাল হয়।