
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে আব্দুল খালেক মিয়া (৪৩) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৯ টার দিকে নিজ বাড়ির কক্ষ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল খালেক ঘোড়াঘাট পৌরশহরের ৮নং ওয়ার্ড শ্যামপুর কলেজ পাড়া এলাকার বাসিন্দা। তিনি ঢাকার শফিপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন এবং সেখানে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন বলে পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।
নিহতের মা খালেদা বেগম জানায়, ছেলে আব্দুল খালেক তার পরিবার নিয়ে ঢাকার ভাড়া বাসায় থাকতো এবং মাঝে মাঝেই বাড়িতে আসতো। শনিবার সকালে আব্দুল খালেক ঢাকা থেকে বাড়িতে আসে।
তিনি আরও জানান, আব্দুল খালেক মাদকাসক্ত ছিলো। তার বাংলা মদ পানের অভ্যাস ছিল। রবিবার রাতে মদ পান করে আসলে সামান্য কথা কাটাকাটি হয়। পরে রাতে কোন কিছু না খেয়ে নিজ ঘরে দরজা লাগিয়ে ঘুমাতে যায়। সকালে ভাত রান্নার জন্য চাল নিতে গিয়ে অনেক ডাকাডাকি করি। তখন কোন সাড়া-শব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখতে পাই। পরে স্থানীয়দের সহযোগীতায় পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ ও স্থানীয়রা দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।