সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় হেল্পার নিহত, আহত ড্রাইভার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দাঁড়িয়ে থাকা একটি মাল বোঝাই ট্রাকের সঙ্গে কার্ভাড ভ্যানের সংঘর্ষে ভ্যান চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাভার্ড ভ্যানটির চালক।
আজ রোববার ভোর সাড়ে ৫ টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের আজাদ মোড় এলাকায় ইসলামী ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন (৪০) নীলফামারী জেলার সৈয়দপুর ওয়াবদা মোড় এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় কার্ভাড ভ্যানের চালক আমিনুল ইসলাম (৪২) আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে মহাসড়কের দিনাজপুর অভিমুখে যাওয়া লেনের পাশে মাল বোঝাই একটি ট্রাক থামিয়ে নষ্ট চাকা মেরামত করছিলেন চালক ও তাঁর সহকারী। তখন পেছন থেকে আসা দ্রুতগতির একটি কার্ভাড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় কার্ভাড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে কেবিনের মধ্যে আটকে পড়ে চালক ও চালকের সহকারী।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালকের সহকারীকে মৃত ঘোষণা করেন। আহত চালককে চিকিৎসার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ট্রাক ও কার্ভাড ভ্যান দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS