চার দফা দাবিতে বিডিএমএফ ও ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন


দিনাজপুর প্রতিনিধি
যৌক্তিক ৪ দফা দাবি নিয়ে রাস্তায় আন্দোলনরত বিডিএমএফ ও ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলনকে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে কতিপয় এমবিবিএস শিক্ষার্থীরা কটুক্তি করার প্রতিবাদে আজ মানব বন্ধন করেছে শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, কতিপয় প্রতিহিংসাপরায়ণ এমবিবিএস শিক্ষার্থী বিডিএমএফ ও ম্যাটস ঐক্য পরিষদের যৌক্তিক ৪ দফার বিরোধিতা করছে। ৪ বছর ৬ মাসের ডিপ্লোমা কোর্সকে তারা ৬ মাস উল্লেখ করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।
আমাদের দাবি, কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা প্রদানের লক্ষ্যে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদ সৃষ্টি করতে হবে।
কমিউনিটি ক্লিনিকগুলোতে চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসা শিক্ষায় শিক্ষিতদের এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি, কিন্তু অ্যান্টিবায়োটিকসহ অন্যান্য ওষুধের মাধ্যমে সেবা প্রদান করা হয়, যা জনগণের সাথে এক ধরনের প্রতারণা।
প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, কোর্সের নাম পরিবর্তনসহ ২০২১ সালের কোর্স কারিকুলাম ত্রুটি ও অসংগতি সমাধান করে নতুন ইন্টার্ন লগবুক প্রনয়ণ করতে হবে।
প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে প্রস্তাবিত সকল ধারায় সংশোধনীসহ বাস্তবায়ন করতে হবে।
এসময় বক্তব্য রাখেন, ঐক্য পরিষদের সমন্বয়ক মো. রুহিন ইসলাম, বিডিএমএফ সভাপতি ডা. মো. রুহুল আমীন আবল, সাধারন সম্পাদক জুলফিকার আলী ও ডা. মো. আতিকুর রহমান।
