
নিজস্ব প্রতিবেদক
আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এইদিন সবার দৃষ্টি বিজয় দিবসের আয়োজনের দিকে থাকলেও গোপাল গুপ্ত’র নজর ছিলো ভিন্ন দিকে। কারণ, আজ গোপালের জন্মদিন। তবে এই জন্মদিন অন্যদের মত ছিলনা। জন্মদিনে অন্যদের মত বাবা-মার কাছে কোন উপহার আবদার না করে তার চাওয়া ছিলো এক অসহায় প্রতিবন্ধীকে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা। তার এ আবদারকে অবজ্ঞা করতে পারেনি গোপাল গুপ্ত’র বাবা আনন্দ কুমার গুপ্ত।
বলছি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাঁটাবাড়ী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনন্দ গুপ্ত’র ছেলে গোপাল গুপ্ত’র কথা। আজ গোপাল গুপ্ত’র ১৩ তম জন্মদিন। তবে অন্যদের মত কেক কেটে বা আনন্দ উল্লাসে তা পালিত হয়নি। জন্মদিনে তার আবদার অনুযায়ী মঙ্গলবার বিকেলে দুই হাতবিহীন এক প্রতিবন্ধীকে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তরিতকারিসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ। সহযোগিতা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন পৌর এলাকার কানাহার (বুন্দিপাড়া) গ্রামের দুই হাতবিহীন প্রতিবন্ধী ওমর আলী ও তার পরিবার।
খাদ্যসামগ্রী পৌঁছে দিতে আসা গোপাল গুপ্ত’র বোন স্নেহা গুপ্তা বলেন, “আমরা চাইলেই তার জন্মদিনে আনন্দ-উল্লাস করতে পারতাম। জন্মদিনে যদি কোন অসহায়কে একটু সহায়তার মাধ্যমে তার মুখে হাসি ফোটানো যায়, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয়।”
আনন্দ কুমার গুপ্ত বলেন, “জন্মদিনে ছেলেমেয়েরা বাবা মায়ের কাছে নানা রকম আবদার করে। আমার ছেলের এই ব্যতিক্রমী আবদারে তার মানবিকতার গভীরতা প্রকাশ পায়। আমরা এতে গর্বিত। এই বয়সেই সে অসহায় মানুষের কথা ভাবছে এটা ভাবতেই ভালো লাগছে।”

ওমর আলীর স্ত্রী আঞ্জু আরা বলেন, “দুই হাত না থাকা স্বামীর সাথে ৫০ বছর ধরে সংসার করছি। আমাদের ছেলে বউসহ ঢাকায় থাকে, আমাদের কোন খোঁজ খবর রাখেনা। বাধ্য হয়ে আমি ভিক্ষা করে অসুস্থ স্বামীর সেবা করি। বয়সের ভারে তাও পারিনা। আমরা খুব অসহায় মানুষ। আজ যেভাবে তারা আমাদের পাশে দাঁড়ালেন, আল্লাহ তাদেরকে এর প্রতিদান দিবেন।”
নিজের জন্মদিনকে আত্মকেন্দ্রিক আনন্দে নয় বরং মানবিকতার আলোয় উদযাপন করে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গোপাল গুপ্ত। তার এই উদ্যোগ নতুন প্রজন্মের জন্য হয়ে উঠতে পারে অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ।