
দিনাজপুর প্রতিনিধি
‘তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ দিনাজপুরে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫ এর চুড়ান্ত খেলায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘দিনাজপুর একাডেমি’।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ শনিবার সকালে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে চুড়ান্ত খেলা শুরু হয়।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৫ ওভার ১ বল খেলে অলআউট হয় চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ। তাদের দলীয় রান সংখ্যা দাঁড়ায় ৭৮। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৫ বল থেলে মাত্র ৪ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে ৬ উইকেটে জয়লাভ করে জেলা চ্যাম্পিয়ন হয় দিনাজপুর একাডেমি।
এদিকে ৩টি ম্যাচ খেলে ১৩৯ রান এবং ১০ উইকেট সংগ্রহ করায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় দিনাজপুর একাডিমির ক্যাপ্টেন মো. আশিক। আর অসাধারন কিপিং এবং ৪০ বলে ৩৮ রান করায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় দিনাজপুর একাডেমির সবুজ।
বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার প্রদান করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আকরাম হোসাইন। এসময় বিসিবি নিযুক্ত দিনাজপুর জেলা ক্রিকেট কোচ মো. আনোয়ারুল ইসলাম সুমী, দিনাজপুর একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন্নাহার, কাবাডি ফেডারেশনের সাবেক সদস্য মো. কামরুজ্জামান, আম্প্যায়ার কে টি মাসুমসহ অংশগ্রহনকারী বিভিন্ন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
দিনাজপুর জেলা ক্রিকেট কোচ মো. আনোয়ারুল ইসলাম সুমী জানান, প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫ এর চুড়ান্ত খেলায় দিনাজপুর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হলো ‘দিনাজপুর একাডেমি’। এরপর তারা রংপুর বিভাগীয় পর্যায়ে খেলবেন। আশা করছি এ মাসের শেষের দিকেই বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হবে। তিনি আরো বলেন, ২০২২-২০২৩ মৌসুমে জাতীয় স্কুল ক্রিকেটে ৬৪ জেলার ৩৪৭টি স্কুলকে পেছনে ফেলে বাংলাদেশ চাম্পিয়ন হয় দিনাজপুর একাডেমি। সে সময় ক্ষুদে টাইগারদের বিরোচিত সংবর্ধনা জানায় দিনাজপুরবাসী।
উল্লেখ্য, প্রতিযোগিতায় ক এবং খ গ্রুপে দিনাজপুর জেলার ৬টি স্কুল অংশ গ্রহণ করে। স্কুলগুলো হচ্ছে- ‘ক’ গ্রুপে দিনাজপুর জিলা স্কুল, সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ। ‘খ’ গ্রুপে দিনাজপুর একাডেমি, দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়।