জামায়াত আমিরের আগমনে ফুলবাড়ী পৌর জামায়াতের আনন্দ মিছিল


নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শুভাগমনে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে দিনাজপুরের ফুলবাড়ীতে। আমিরের আগমন উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে দলটি। এ কর্মসূচির আওতায় আজ সোমবার বাদ মাগরিব এক বর্ণাঢ্য আনন্দ মিছিল করেন নেতা কর্মীরা।
ফুলবাড়ী পৌর জামায়াতের উদ্যোগে পৌর শহরের নিমতলা মোড় থেকে বর্ণাঢ্য মিছিলটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা মো. জয়নাল আবেদীন, পৌর সেক্রেটারি মাওলানা মুজাহিদুল ইসলাম সহ অনেকে।
বক্তারা বলেন, বিগত দিনের দুঃশাসনে মানুষ তিক্ত হয়ে গেছে। সরকার পতনের পর ইসলামী দলের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। দিনাজপুর সহ সারাদেশের মানুষ জামায়াতে ইসলামীর প্রতি উন্মুখ হয়ে আছে। আসন্ন কর্মী সম্মেলনের মাধ্যমে জামায়াতের কর্মীদের সক্রিয়তা আরও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, আগামী ২৫জানুয়ারি শনিবার দিনাজপুরে গোর-এ-শহীদ ময়দানে (বড়মাঠ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান উপস্থিত থাকবেন। তার আগমন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে আজকের এই আনন্দ মিছিল।
