সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

টানা ১১ দিন বন্ধের পর কর্মমুখর হিলি বন্দর, আমদানি-রপ্তানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
ঈদ ও সাপ্তাহিক ছুটিতে টানা ১১দিন বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। ফলে বন্দর ব্যবহারকারীদের মধ্যে কর্মচঞ্চল্যতা ফিরে এসেছে।
হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম মন্ডল জানান, পবিত্র ঈদুল ফিতর, ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে গত ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘ ১১ দিন বন্ধ থাকার পর আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এরফলে বন্দরে কাস্টমস কর্মকর্তা, পানামা পোর্ট কর্তৃপক্ষ, আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিকদের মধ্যে প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে।
হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আমির হামজা জানান, বেলা সাড়ে ১১টার পর থেকে বিভিন্ন পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকগুলো স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের অভ্যন্তরে প্রবেশ করতে শুরু করেছে। অন্যদিকে বাংলাদেশ থেকে রপ্তানিযোগ্য পণ্যগুলো ভারতে যাচ্ছে। আমদানিকৃত পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কাস্টমসে সাবমিট সহ শুল্ক করাদি পরিশোধ করা থাকলে দ্রুত পণ্য খালাসের ব্যবস্থা করা হবে।
বন্দরে পণ্য উঠানো-নামানোর কাজে নিয়োজিত শ্রমিক মো. সাইফুল ইসলাম জানান, যা আয় ছিল তা ঈদের মধ্যে খরচ করে শেষ হয়ে গেছে। আমাদের বন্দর নির্ভর কাজকর্ম করে খেতে হয়। দীর্ঘ ১১দিন বন্ধ থাকায় এ কয়দিন হাতে কোন টাকা-পয়সা ছিল না। তাই ধার-দেনা করে চলতে হয়েছে। গতকাল রোববার থেকে বন্দরে কাজ শুরু হয়েছে। এখন ভালো লাগছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS