শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্রের মৃত্যু


পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে অন্তর রায় (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (রোববার) দুপুরে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের সেনপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত অন্তর মাগুড়া ইউনিয়নের ধনীপাড়া এলাকার বীরেন চন্দ্র রায়ের ছেলে ও পঞ্চগড় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ (রোববার) দুপুরের দিকে কাঞ্চন কমিউটার নামে একটি লোকাল ট্রেন ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে আসছিল। এ সময় মাগুড়া সেনপাড়া এলাকায় স্কুলের পোশাকসহ কাঁধে ব্যাগ নিয়ে রেললাইনে দাঁড়িয়ে ছিল অন্তর। একপর্যায়ে ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করেছে। উপজেলা সদরের মাগুড়া ইউনিয়নের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় বলেন, গত শনিবার রাতে মোবাইল ব্যবহার কমিয়ে তার বাবা লেখাপড়ার কথা বলে। সম্ভবত এ জন্য অভিমান করে সে স্কুল যাওয়ার কথা বলে ট্রেনের নিচে আত্মহত্যা করেছে। পঞ্চগড় রেলওয়ে স্টেশনের মাস্টার মাসুদ পারভেজ জানান, দুপুরে কাঞ্চন কমিউটার ট্রেনটি পঞ্চগড়ে আসার আগে কাটা পড়ে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এটি আত্মহত্যা না দুর্ঘটনা এ বিষয় জানা নেই। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল করেছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This