তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত


পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সোহেল (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আলমগীর (২৫) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকায় তেঁতুলিয়া–-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল একই এলাকার সামাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহাসড়ক পারাপারের সময় বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সোহেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালকও আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং পুলিশকে অবহিত করেন।
স্থানীয়দের ভাষ্যমতে, নিহত সোহেল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় জানান, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
মহাসড়কে অসতর্ক পারাপার ও দ্রুতগতির যান চলাচল দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এ ধরনের প্রাণহানি এড়াতে পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং সড়কে গতিনিয়ন্ত্রণ ও নজরদারি জোরদার করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
