দিনাজপুরে আদিবাসী নারী পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত


দিনাজপুর প্রতিনিধি
‘গ্রামীণ নারীরা সকলের জন্য নিরাপদ খাদ্য উৎপাদন করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর আদিবাসী নারী পরিষদ এর উদ্যোগে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) শহরের নিমনগর বালুবাড়ী আইসিটি সেন্টারে বাদাবন সংঘ ও ওমেনস্ ফান্ড এশিয়া’র সহযোগিতায় দিনাজপুর আদিবাসী নারী পরিষদ এর আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সংগীত ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ গষেশ সরেন।
দিনাজপুর আদিবাসী নারী পরিষদ এর সভাপতি সিবানী উড়াও-এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা প্রিয়া মুর্মু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সম্মানীয় সদস্য সুমিত্রা বেশরা, শিক্ষার্থী নিরঞ্জন হেমব্রম, রাধিকা, তির্রী, প্রমি বারো, মেরিলা মুর্মু, আঁচল সরেন, কৃষক প্রিসিলা সরেন, রানী তিগ্যা, শেফালী টপ্য প্রমুখ। স্বাগত বক্তব্যে দিনাজপুর আদিবাসী নারী পরিষদ এর সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা প্রিয়া মুর্মু বলেন, খাদ্যের জন্য আমরা কৃষির উপর নির্ভরশীল, এই কৃষি কাজে নারীদের অংশগ্রহণ প্রায় পুরুষের সমান, সুতরাং, নিরাপদ খাদ্য উৎপাদনে নারীর ভূমিকা এবং অবদান অনস্বীকার্য। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে তার শেকড় আগে শক্ত করতে হবে। আর আমাদের শেকড় হলো গ্রামবাংলা। মহিরূহরূপে আছে গ্রামীণ কৃষিভিত্তিক অর্থনীতি, খাদ্যসংস্থানের মূলমাধ্যম। এর ফলে আমরা জাতীয় আয়ের প্রবাহ দেখতে পাই। তাই পুরুষদের কাজের পাশাপাশি নারীর কাজেরও মূল্য দিতে হবে। তিনি বলেন, সভ্যতা আর প্রযুক্তির দিক দিয়ে উন্নয়নের ধারায় পৃথিবী এগিয়ে গেলেও পিছিয়ে রয়েছে গ্রামের জনগোষ্ঠী। বিশেষ করে গ্রামীণ নারী সমাজ। নারী সংগঠনগুলো নারীদের অধিকার আদায়ে সোচ্চার হলেও প্রতিবাদের সুরে এখনো তাল মিলাতে পারেনি গ্রাণের নারীরা। আর তাই তাদের জন্যই আজকের এই আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসটি বিশেষ গুরুত্বপূর্ণ।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আইসিটি সেন্টার প্রাঙ্গণ থেকে এক র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে।
