দিনাজপুরে ওএমএস ডিলার পলাতক দুর্ভোগে উপকারভোগীরা


দিনাজপুর প্রতিনিধি
গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দিনাজপুর শহরের ওএমএস এর চারজন ডিলার পলাতক থাকায় বঞ্চিত হচ্ছেন সুবিধাভোগী নিম্ন আয়ের মানুষ। তারা দ্রুত ওএমএস সুবিধা প্রদানের দাবি জানিয়েছেন। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, সব ডিলার বাদ দিয়ে শিগগিরই নতুন নীতিমালায় ডিলার নিয়োগ দেওয়া হবে এবং উপকারভোগীদের এই সমস্যা কেটে যাবে। জানা যায়, সরকারের ওএমএস কর্মসূচির আওতায় দিনাজপুরে ডিলারদের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জন্য চাল ও আটা খোলা বাজারে দেওয়া হয়। জেলা খাদ্য বিভাগের নিয়োগ পাওয়া ডিলাররা প্রতিদিন ৩০ টাকা কেজি দরে ৫কেজি চাল ও ২৪ টাকা কেজি দরে ৫ কেজি আটা দিয়ে আসছে। টিসিবির ফ্যামিলি কার্ডধারীরাও পাচ্ছেন এই ওএমএসের সুবিধা। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পট পরিবর্তনের পর নিয়োগ হওয়া চারজন ডিলার এখনও পলাতক রয়েছেন। ফলে দিনাজপুর শহরের মিশন রোড, খালপাড়া, বালুয়াডাঙ্গা ও পুলহাট এলাকার নিম্ন আয়ের মানুষ ওএমএস সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং বিক্রয় কেন্দ্রে গিয়ে বারবার ফিরে আসছেন। এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীরনাথ চৌধুরী জানান, দিনাজপুর শহরের ১৭ জন ডিলারের মধ্যে ৪ জন ডিলার পলাতক রয়েছে। তবে উপকারভোগীদের জন্য জেলা খাদ্য বিভাগ থেকে বাকী ১৩জন ডিলারের প্রত্যেককে দেড় টন আটা, ১ টন চাল বরাদ্দ দেয়া হচ্ছে। তিনি আরও জানান, বর্তমান অন্তর্র্বতী সরকার ওএমএস কর্মসূচির ডিলার নিয়োগের ব্যাপারে নতুন নীতিমালা জারি করেছেন। এর আলোকে নতুন করে ওএমএস এর দিনাজপুরে ১৬জন ডিলার নিয়োগ দেয়া হবে। বৃহস্পতিবার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ এবং জমা নেয়া হবে। এরপর নতুন নীতিমালা অনুযায়ী সকল ডিলার নিয়োগ করা হবে। নতুন ডিলার নিয়োগ না হওয়া পর্যন্ত পূর্বের ডিলারদের মাধ্যমে ওএমএস কর্মসূচি চালু থাকবে বলে জানান তিনি।
