দিনাজপুরে নানা আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত


দিনাজপুর প্রতিনিধি
“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালির শুভ উদ্বোধন করেন দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মো. আসিফ ফেরদৌস।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের চত্বরে শেষ হয়। র্যালী শেষে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভায় জেলা পর্যায়ের সংশ্লিষট এনজিওর কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সদের অংশগ্রহনে অনুষ্ঠানের সভাপতি হিসেবে দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মো. আসিফ ফেরদৌস বক্তব্যে বলেন, সকলের জন্য মানসিক ও পারিবারিক সুস্থতা রক্ষা করা স্বাস্থ্য সেবা মৌলিক অধিকার। পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক ও সামাজিকভাবে প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেবার জন্য সরকারের পাশাপাশি প্রত্যেকটি সেক্টর থেকে এই বিষয়ে অবদান রাখতে হবে। তিনি আরও বলেন দৃঢ়ভাবে বিশ্বাস করি সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে আমাদের অর্পিত দায়িত্ব সম্মিলিতভাবে পালন করলে আমরা একটি সুস্থ ও সবল জাতি গঠন করতে পারবো এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতকে আরও উচ্চ আসনে নিয়ে যেতে সক্ষম হবো।
দিনাজপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ হোসেন মো. নাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ মো. রেজাইল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছা. সাদরাতুন মুমতাহিনা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, বিশ্ব স্বাস্থ সংস্থার প্রতিনিধি (এস আই এম ও ডাঃ মো. আল আমিন সহ প্রমুখ।
বিভিন্ন সমাজ সেবা সংগঠনের মধ্যে বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার রায়, জেলার ঔষুধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক মো. মোকছেদুল আমিন, ইএসডিও নাইস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমান, নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নার্সিং ইনষ্ট্রাক্টর মাসুদা পারভিনসহ অন্যান্য।
উনমুক্ত আলোচনায় বক্তারা বলেন, সবাইকে নিয়ে স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে আমাদেরকে আরও আন্তরিক ও সচেতন হতে হবে। বিশেষ করে শিশুদের অপুষ্টি দূর করতে, প্রোটিনের বিকাশ ঘটাতে এবং সুস্বাস্থ্যের দিকটি নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে তথ্যভিত্তিক উপস্থাপন করেন দিনাজপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শুভ রায়।
