
দিনাজপুর প্রতিনিধি
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুইটি অবৈধ ইটভাটায় সর্বমোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ মঙ্গলবার দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার মথুরাপুর নামক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স আর.কে. ব্রিক্সকে ৭০ হাজার টাকা এবং বাঙ্গাবাড়ি জামতলী নামক এলাকার মেসার্স এম.আর. ব্রিক্সকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমা। মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর এর পরিদর্শক প্রভাতি রানী। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলার সহকারী পরিচালক মো. মলিন মিয়া। উক্ত অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার কাজে সার্বিক সহযোগিতা প্রদান করেন চিরিরবন্দর থানা পুলিশ। পরিবেশ সুরক্ষায় এরূপ অভিযান চলমান থাকবে বলে কর্তৃপক্ষ জানান।