দিনাজপুরে পহেলা বৈশাখ উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে এবং ড্রইং স্কুলের সহযোগিতায় প্রতি বছরের মত এবারও নববর্ষকে বরণ করতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে নবরূপীর নিজস্ব মঞ্চে।
আজ শনিবার চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে নবরূপীর সভাপতি আব্দুস সামাদ বলেন, বাঙালী’র ঐতিহ্যকে ধরে রাখতে আমাদের সন্তানদের চিত্রকলায় দক্ষ করে গড়ে তুলতে হবে। শিশুদের এখন থেকেই বাঙালী জাতীয়তাবাদের চেতনায় শিক্ষা দিতে চিত্রকলার বিকল্প নেই। নবরূপীর সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আতিকুর রহমান নিউ স্বাগত বক্তব্যে বলেন, আমাদের প্রজন্ম চিত্রকলায় গড়ে তুলতে পারলে বাঙালী’র বাঙালী সংস্কৃতিকে লালন-ধারন করবে। ড্রইং স্কুলের নির্বাহী পরিচালক নাজমুস সাকেব রানা তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, শিশুদের শিল্পচর্চার মাধ্যতে বাঙালী সংস্কৃতিকে জাগ্রত করতে এখন থেকেই শিশুদের চিত্রকলায় সম্পৃক্ত করতে হিবে। উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখতে গিয়ে নবরূপীর প্রশিক্ষণ সম্পাদক ও চিত্রাংকন প্রতিযোগিতা উপ-কমিটির আহবায়ক রাকিব হাসান রানা বলেন, নবরূপী সাংস্কৃতিক চর্চার পাশাপাশি শিশুদের চিত্রকলায় দক্ষ করে গড়ে তুলতে প্রতি বছর আমরা এই আয়োজন করে থাকি। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেবিএম কলেজের সহকারী অধ্যাপক বেগম মুসফেকা তাসনিম। চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হবে পহেলা বৈশাখে। প্রতিযোগিতায় প্রায় দু’শ জন ক্ষুদে চিত্রকলা প্রশিক্ষনার্থী ও তাদের অভিভাবকবৃন্দ এবং নবরূপীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
