
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরের সুইহারীস্থ প্রাচীন বিদ্যাপীঠ চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজে প্রতি বছরের মতো এবারেও সংশ্লিষ্ট স্কুলের মরহুম শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা যারা ইতিপূবে না ফেরার দেশে চলে গেছেন তাদেরসহ জুলাই-আগস্টে আন্দোলনের শহীদদের স্মরণ ও রুহের মাগফিরাত কামনায় বার্ষিক মিলাদ মাহফিল ও ইসলামী সংগীত এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সুইহারী চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাকিল আহম্মেদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এবং দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আফজাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুয়েতি জামে মসজিদের খতিব আবু রায়হান রহমানি। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক মাওলানা মকবুল হুসাইন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও দিনাজপুরের বিশিষ্ট রেফারী ওবায়েদুর রহমান। বার্ষিক মিলাদের পূর্বে ক্বিরাত, আযান, হাম্দ, ইসলামী সংগীত, নাতে রসূল প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। সভাপতির বক্তব্যে সুইহারী চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাকিল আহম্মেদ বলেন, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আমরা আজ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া এই প্রতিষ্ঠানের ইতপূর্বে যারা না ফেরার দেশে চলে গেছেন এবং যারা অসুস্থ হয়ে জীবন যাপন করছেন তাদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়েছে।