দিনাজপুরে ফ্রি আর্ট প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঐতিহ্যবাহী চিত্রকলা ভিত্তিক প্রতিষ্ঠান ড্রইং স্কুল সুবিধাবঞ্চিত পরিবারের আগ্রহী ও সম্ভাবনাময় মেয়ে শিশুদের জন্য দীর্ঘমেয়াদি ফ্রি আর্ট প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম হাবিবুল হাসান।
দিনাজপুর শহরের পাটুয়াপাড়া (এনায়েতপুর রোড) সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে ঐতিহ্যবাহী ড্রইং স্কুল। এটি ড্রইং স্কুল দিনাজপুরের একটি চলমান মানবিক উদ্যোগ, যার মাধ্যমে শিল্পচর্চার মাধ্যমে সুবিধাবঞ্চিত মেয়ে শিশুদের দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান বলেন, দেশের বিভিন্ন শিল্পচর্চা প্রতিষ্ঠান তিনি দেখেছেন, তবে ড্রইং স্কুল দিনাজপুর একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নাজমুস সাকেব রানার চিন্তাভাবনা ও মানবিক উদ্যোগকে তিনি প্রশংসা করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ড্রইং স্কুল দিনাজপুরের নির্বাহী পরিচালক নাজমুস সাকেব রানা বলেন, এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সবাই সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের সন্তান। কারও বাবা ভ্যানচালক, কেউ নির্মাণ শ্রমিকের মেয়ে, কেউ অটোচালক বা কারখানা শ্রমিকের সন্তান। সীমিত সামর্থ্যের মধ্যেও তাদের চোখে যে স্বপ্ন ও শেখার আগ্রহ রয়েছে, সেটিই এই উদ্যোগের সবচেয়ে বড় প্রেরণা। এই শিশুদের উজ্জ্বল মুখের মধ্যেই একটি সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ পৃথিবীর প্রতিচ্ছবি দেখা যায়।
প্রতিষ্ঠার শুরু থেকেই এ পর্যন্ত তিনটি ব্যাচে মোট ৬৭ জন সুবিধাবঞ্চিত মেয়ে শিশু ড্রইং স্কুল দিনাজপুর থেকে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে ড্রইং স্কুলসহ দিনাজপুরের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ড্রইং শিক্ষক হিসেবে কাজ করছে। আজ চতুর্থ ব্যাচে আরও ৩২ জন শিক্ষার্থী নিয়ে নতুন করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। প্রাথমিক যাচাই, ব্যক্তিগত সাক্ষাৎকার ও নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করার পর নির্বাচিত এই শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. আব্দুর রাজ্জাক, এডিপিইও মো. সাইফুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসাহী মঞ্জুরুল ইসলাম (মঞ্জু) এবং ড. সৈয়দ রেদোয়ান টিটোসহ স্থানীয় বিশিষ্টজনরা।
