দিনাজপুরে মহিলা পরিষদের উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালিত


দিনাজপুর প্রতিনিধি
নানা আয়োজনে দিনাজপুরে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে মহিলা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি কানিজ রহমান বলেছেন, নারী জাগরণের অগ্রণী বীরযোদ্ধা বেগম রোকেয়া। যাকে নারী মুক্তি আন্দোলনের পথিকৃত বলা হয়। স্বশিক্ষায়, স্বপ্রচেষ্টায় গড়ে ওঠা, জেগে ওঠা শতাব্দীর অগ্রপথিক বেগম রোকেয়া। নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পেলেও তিনি অন্য নারীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ ও প্রতিষ্ঠিত করার জন্য আজীবন লড়াই করে গেছেন। বেগম রোকেয়া ও তাঁর চিন্তা-ধারা বাংলাদেশের নারী আন্দোলনের কেন্দ্রীয় ভাবনায় ও কর্মে আছে। নারীমুক্তি ভাবনায় তাঁর স্বাপ্নিক বহুদূরগামী দৃষ্টিভঙ্গি আজ বাংলাদেশের নারী আন্দোলনের বহুমাত্রিক কর্মকান্ডে প্রতিফলিত। কুসংস্কারে নিমজ্জিত একটি অন্ধকার সমাজব্যবস্থার ধ্যান-ধারণা থেকে তিনি নারী জাতিকে আলোর পথ দেখিয়েছেন।
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাহাবুবা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি মিনতি ঘোষ, মনোয়ারা সানু, রত্না মিত্র, গোলেনুর বেগম, সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, প্রচার সম্পাদক শুকলা কুন্ডু, সম্মানীয় সদস্য জেসমিন আরা, সদস্য কবিজান সিবানী উড়াও, মিনতি এক্কা, রেহানা বেগম, লতা, লাবনী কুন্ডু প্রমুখ। আলোচনা সভার শুরুতেই বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
