দিনাজপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালী


দিনাজপুর প্রতিনিধি
আসন্ন পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং এর পবিত্রতা রক্ষার আহ্বানে দিনাজপুরে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় শহরের মালদাহপট্টিস্থ জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। শহর শাখা সভাপতি মো. মাসুদ রানা এবং সেক্রেটারী মো. কামরুজ্জামান-এর নেতৃত্বে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ব্যানার ও ফেস্টুন হাতে নেতা-কর্মীদের অংশগ্রহণে র্যালীটি মর্ডাণ মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে মো. মাসুদ রানা রমজানের মর্যাদা রক্ষায় প্রশাসন ও জনসাধারণের প্রতি বেশ কিছু আহ্বান জানান। পবিত্র রমজান মাসে দিনের বেলায় সব ধরনের হোটেল-রেস্তোরাঁ এবং সিনেমা হল বন্ধ রাখার জোর দাবি জানানো হয়। সমাজকে অশ্লীলতা ও বেহায়াপনা থেকে মুক্ত রাখতে সংশ্লিষ্ট সকলকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে কঠোর হুঁশিয়ারি ও নির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাসের পবিত্রতা রক্ষা করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।
