বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে “যুব সংযোগ” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
তরুণদের সবুজ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও টেকসই উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে “যুব সংযোগ: যুব সবুজ উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প”-এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় দিনাজপুর প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
ডেমোক্রেসিওয়াচ ও সেরাক-বাংলাদেশ এর বাস্তবায়নে এবং ব্রিটিশ কাউন্সিল এর সহযোগিতায় অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রওনকুল ইসলাম।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মামুন হাসান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, বিসিক দিনাজপুরের উপ-মহাব্যবস্থাপক জাহিদুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মনির হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মনজুর মুর্শেদ সুমন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার অফিসার রেজভিন শারমিনাজ ইসলাম।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তুলতে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। “যুব সংযোগ” প্রকল্প তরুণদের উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নের পথে সম্পৃক্ত করতে সহায়তা করবে।
এছাড়াও প্রকল্পের সমন্বয়কারী (প্রজেক্ট কো-অর্ডিনেটর) রাখি গোপাল দেবনাথ এর সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, ইএসডিওর নাইহ প্রজেক্ট এর শাহ মো. আমিনুল ইসলাম, উদ্যোক্তা শিউলি আক্তার, মাহমুদা বেগম প্রমুখ।
অংশগ্রহণকারীরা বলেন, উদ্যোক্তারা যাতে সহজেই তাদের তৈরি পণ্য বাজারজাত করতে পারেন সেই ব্যবস্থা করা এবং উদ্যোক্তা হতে যে অর্থ সহায়তা প্রয়োজন তা সহজলভ্য করার ব্যাপারে অতিথিদের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় জানানো হয়, আগামীতে এ প্রকল্পের আওতায় ১ হাজার ২৫০ জন তরুণ উদ্যোক্তাকে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। সেখানে অংশগ্রহণকারীরা পরিবেশবান্ধব ব্যবসা উদ্যোগ, সবুজ অর্থনীতি ও টেকসই উদ্যোক্তা উন্নয়নের উপর প্রশিক্ষণ গ্রহণ করবেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা বলেন, তরুণরাই আগামী দিনের পরিবর্তনের চালিকাশক্তি। সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে তারা পরিবেশবান্ধব অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This