দিনাজপুরে সাংস্কৃতিক ঐতিহ্যে জাহাঙ্গীর আলম এমপি কে সংবর্ধনা প্রদান


দিনাজপুর প্রতিনিধি
নিজস্ব ধর্মীয় রীতি-নীতি ও বর্ণাঢ্য সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যদিয়ে দিনাজপুর সদর-৩ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম-কে সংবর্ধনা প্রদান করেছে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি ও বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন, দিনাজপুর সদর উপজেলা শাখা।
বুধবার দুপুরে দিনাজপুর সদর উপজেলার মাতাসাগরস্থ পালকীয় গঠন কেন্দ্রে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে আদিবাসী নারী-পুরুষ ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে ঢাক-ঢোলের বাদ্যে বরণ করে নেওয়া হয় এবং নিজস্ব ধর্মীয় রীতি অনুসারে পা ধুয়ে সম্মান প্রদর্শন করা হয়। পুরো আয়োজন ছিল সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও উৎসবমুখর।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “এই এলাকার আদিবাসী ও খ্রিষ্টান সমপ্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। আপনাদের উন্নয়ন, অধিকার ও মর্যাদা রক্ষায় আমি সবসময় পাশে থাকবো।”
তিনি আরও বলেন, “যোগ্যতা অনুযায়ী আদিবাসী সন্তানদের চাকরির সুযোগ নিশ্চিত করা হবে। কোনো প্রকার অর্থ লেনদেন বা অনিয়ম বরদাস্ত করা হবে না। মেধা ও যোগ্যতাই হবে একমাত্র বিবেচ্য বিষয়। কেউ যেন প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
দিনাজপুরে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “দিনাজপুরে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। কেউ চাঁদাবাজি করতে এলে নিজেদের সুরক্ষা নিজেরাই নিশ্চিত করে তাকে বেধে রাখুন, আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন। আমরা সবাই মিলে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী সমাজ গড়ে তুলবো।”
তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, শিক্ষা সহায়তা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি সংস্কৃতি চর্চা টিকিয়ে রাখতে ভাতা পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও জানান। তিনি বলেন, “সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সমঅধিকার নিশ্চিত করেই আমরা বৈষম্যহীন ও সমপ্রীতিমূলক দিনাজপুর গড়ে তুলতে চাই।”
আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি, দিনাজপুর সদর উপজেলার সভাপতি লুকাশ সুরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক সুশীলা টুডু, নভারা কারিগরি স্কুলের প্রিন্সিপাল মাইকেল মার্ডী, সমিতির সাধারণ সম্পাদক নাথালিউস মারান্ডী, বাংলাদেশ আদিবাসী মুক্তি মোর্চা দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক সরকার মুর্মু, দিনাজপুর সদর উপজেলা গুচ্ছগ্রামের মাঞ্চি হাড়াম নিকোলাস মার্ডী, বাংলাদেশ আদিবাসী সমিতির সভাপতি বিশ্বনাথ সিং এবং বাংলাদেশ আদিবাসী নারী মুক্তি মোর্চা দিনাজপুর জেলা শাখার সভাপতি শিউলী বাড়া।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা বিএনপি’র ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী মামুনুর রশিদসহ আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি ও বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মনোমুগ্ধকর উড়াও নৃত্য পরিবেশনার পর নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি লুকাশ সুরেন, সাধারণ সম্পাদক নাথালিউস মারান্ডী, কোষাধ্যক্ষ মিথুয়েল হেম্রম, কার্যকরী সদস্য আরতী হাসদা ও গোপাল সিং; বাংলাদেশ আদিবাসী মুক্তি মোর্চা দিনাজপুর জেলা শাখার সভাপতি আলবিনুস টুডু ও সাধারণ সম্পাদক মানিক সরকার মুর্মু; বাংলাদেশ আদিবাসী নারী মুক্তি মোর্চার সভাপতি শিউলী বাড়া; বাংলাদেশ যুব খ্রিষ্টান এসোসিয়েশন দিনাজপুরের সভাপতি আলবিনুস টুডু, সহ-সভাপতি লুকাশ সোরেন ও সদস্য বিশাল গাঙ্গুলী; নভারা কারিগরি স্কুলের প্রিন্সিপাল মাইকেল মার্ডী; টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল তুলেন টি. হাসদাক ও তার সহধর্মিনী পপি টি. হাসদাক; বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক হারুন বিশ্বাস এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এলেক্স বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
