মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে ৪৫০ পরিবার পেল নগদ অর্থ সহায়তা

দিনাজপুর প্রতিনিধি
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর দিনাজপুর এপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্তসাপেক্ষ নগদ অর্থ সহায়তা কর্মসূচি–২০২৬। আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে কর্ম এলাকার নির্বাচিত অতি দরিদ্র পরিবারের সদস্যরা অংশ নেন।
দিনাজপুর এপিসি এর সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে গুঞ্জাবাড়ী ইউএনডিসি’র সভাপতি মো. আকরাম হোসেন শুভেচ্ছা বক্তব্য রাখেন। উপকারভোগীদের পক্ষে অভিজ্ঞতা শেয়ার করেন রুমা আক্তার ও নুর আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম উপকারভোগী নারীদের উদ্দেশ্যে পরিশ্রম, আত্মনির্ভরতা ও সামাজিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পরিশ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করলে পরিবারে সুখ ও সমাজে সম্মান আসে। তিনি উপকারভোগীদের প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, হিংসা-বিদ্বেষ থেকে দূরে থাকা এবং পরিবারে মিলেমিশে বসবাসের আহ্বান জানান। তিনি আরো বলেন, “নিজ পিতা-মাতার প্রতি যে ভালোবাসা রয়েছে, তার অন্তত অর্ধেক যদি শ্বশুর-শাশুড়ির প্রতি দেওয়া যায়, তবে সমাজে অশান্তি অনেকাংশে কমে যাবে।”
কর্মসূচির আওতায় মোট ৪৫০ জন উপকারভোগীকে সহায়তা প্রদান করা হয়। প্রত্যেককে ৮ হাজার টাকা করে নগদ অর্থ এবং বিকাশ চার্জ বাবদ ১৪৮ টাকা প্রদান করা হয়েছে।
উপকারভোগীরা দিনাজপুর জেলার নিম্নোক্ত ইউনিয়ন ও এলাকায় অন্তর্ভুক্ত—
আউলিয়াপুর ইউপি-৬৫ জন, চেহেল গাজী ইউপি-৬৫ জন, শেখপুরা ইউপি-৬৫ জন, দিনাজপুর পৌরসভা-৬৫ জন, শশরা ইউপি-৬৫ জন, সুন্দরবন ইউপি-৪১ জন, ফাজিলপুর ইউপি-৪১ জন, উথরাইল ইউপি-৪৩ জন।
এই সহায়তার মাধ্যমে পরিবারগুলোকে ক্ষুদ্র আয়বর্ধক কার্যক্রমে যুক্ত করে স্থায়ী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলাই কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার থিওটোনিয়াস শিশির রোজারিও। সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার ভিক্টোরিয়া বিশ্বাস ও উজ্জ্বল রেমা, প্রোগ্রাম অফিসার আসন্তা মারান্ডি, জুনিয়র প্রোগ্রাম অফিসার রিমি রোজারিও, স্পন্সরশীপ সিস্টেম অফিসার কচি প্রস্তুতি হালদার, স্পন্সরশীপ ও চাইল্ড প্রটেকশন অফিসার পেট্রিক রুরাম, ফিন্যান্স এডমিন অফিসার সুভাস হালদার, প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মোঃ কামরুল হাসান এবং ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট দীপা রোজারিও।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS