দিনাজপুর জিলা স্কুলে ‘দিশারি’র মোড়ক উন্মোচন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জিলা স্কুলে বিদ্যালয় বার্ষিকী ‘দিশারি’ ২০২৫ মোড়ক উন্মোচন, জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতী এবং জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুর জিলা স্কুলের কবি কাজী কাদের নেওয়াজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম. হাসিবুল হাসান, জেলা শিক্ষা অফিসার খন্দকার মো.আলাউদ্দীন আল আজাদ।
প্রকাশিত বিদ্যালয় বার্ষিকীর নান্দনিক দিক তুলে ধরেন দিনাজপুর জিলা স্কুলের চারুকলা বিষয়ের শিক্ষক ফরিদ আহম্মেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জিলা স্কুলের প্রভাতী ও দিবা শাখার সরকারী প্রধান শিক্ষক আফরোজা বেগম ও মো. সাইফুদ্দীন, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দসহ প্রায় চার শতাধিক শিক্ষার্থী।
দিনাজপুর জিলা স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক ও প্রকাশিত বিদ্যালয় বার্ষিকীর সহকারী সম্পাদক শাহজাহান সাজুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সৃজনশীলতার বিকাশের ওপর গুরুত্বারোপ করে বলেন বর্তমান প্রজন্মকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও আধুনিক জ্ঞানচর্চায় এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের একপর্যায়ে দিশারী বিদ্যালয় বার্ষিকী ২০২৫-এর মোড়ক উন্মোচন করা হয়। পরে বিভিন্ন ক্যাটাগরিতে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতী এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বিদ্যালয় বার্ষিকী দিশারী সম্পর্কে জানতে চাইলে সহকারী সম্পাদক শাহজাহান সাজু জানান প্রচ্ছদ থেকে শুরু করে শিক্ষার্থী – শিক্ষক – প্রাক্তন শিক্ষার্থীদের লেখাগুলো উপস্থাপনের দিক থেকে এবং অলংকরণের দিক থেকে স্বতন্ত্র থাকার চেষ্টা করেছি আমরা। এবং বিদ্যালয় বার্ষিকীটিকে দিনাজপুর জেলার একটি সৃষ্টিশীল, নান্দনিক এবং ইউনিক পত্রিকা হিসেবে বিবেচনা করেছেন।
