দিনাজপুর -১ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম নির্বাচিত


বীরগঞ্জ (দিনাজপু) প্রতিনিধি
দিনাজপুর -১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের বহুল প্রতীক্ষিত নির্বাচনের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম বিপুল ভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং কাহারোল উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনের মোট ১২৮টি ভোটকেন্দ্রে ভোট গণনার শুরু থেকেই এগিয়ে থাকা এই প্রার্থী শেষ পর্যন্ত জয় নিশ্চিত করলে তার সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়ে। ফলাফল ঘোষণার পর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বিভিন্ন স্থানে সমর্থকদের উল্লাস করতে দেখা যায়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করেন
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয় দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৮ হাজার ৪৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো: মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৮৮ ভোট।
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নাঙ্গল প্রতীকে শাহিনুর ইসলাম পেয়েছেন ১ হাজার ৫ শত ১৫, বাংলাদেশ ইসলামি আন্দোলন পার্টির হাতপাখা প্রতীকে এডভোকেট মো. চাঁন মিঞা পেয়েছেন ৩ হাজার ৭৪, গণঅধিকার পরিষদ পার্টির ট্রাক প্রতিকে মো রিজুওয়ানুল ইসলাম পেয়েছে ৫শত ৯৩ ও জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে রঘুনাথ চন্দ্র রায় পেয়েছে ২ হাজার ২শত ৬২ ভোট। গণভোট হ্যাঁ :১০৯৭১০ এবং না ৭৭৪১৪ ভোট কাস্ট হয়।
বীরগঞ্জ ও কাহারোল উপজেলার বিভিন্ন এলাকায় কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি নজর কাড়ছে সর্বস্তরের জনগণের।
দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ভোর থেকেই ভোটারদের লাইন ধরে ভোট দিতে দেখা গেছে। অনেকেই সপরিবারে ভোট দিতে আসেন। প্রথমবারের মতো ভোট দিয়ে তরুণ ভোটাররা উচ্ছ্বাস প্রকাশ করেন।
এদিকে নির্বাচনের ফলাফল ঘিরে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। অনেকে জানিয়েছেন, ২০০৮ সালের পর এবারই তারা ভোটকেন্দ্রে এসেছেন। স্থানীয়দের মতে, এ নির্বাচনের ফলাফল রাজনৈতিক অঙ্গনে নতুন দিক উন্মোচন করবে এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তারা আশাবাদী। নির্বাচনকে ঘিরে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ থাকায় প্রশাসনের ভূমিকারও প্রশংসা করেছেন স্থানীয়রা।
উপজেলা নির্বাচন অফিসার ভারপ্রাপ্ত পবিত্র রায় জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
