
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ কে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন জামাত সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল কাদের চৌধুরী। আজ মঙ্গলবার (২০জানুয়ারী) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে এই মনোনয়ন প্রত্যাহার করেন তারা। এ তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে ১০জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ এবং দাখিল করেন। এর মধ্যে ঋণ খেলাপির দায়ে আমজনতা পার্টির ইব্রাহিম আলী মণ্ডল এর মনোনয়ন বাতিল করা হয় এবং দুইজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
বাঁকি ৭জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দীতা করছেন, বিএনপি সমর্থিত প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান, ১০দলীয় জোটের প্রার্থী (এনসিপি নেতা) ডা. আব্দুল আহাদ, পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী আব্দুল গফুর, স্বতন্ত্র প্রার্থী প্রভাষক রোস্তম আলী, স্বতন্ত্র প্রার্থী এ্যাড. হযরত আলী বেলাল। এদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য এ জেড এম রেজওয়ানুল হক ও পার্বতীপুর উপজেলা বিএনপির সদস্য এসএম জাকারিয়া বাচ্চু।
দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে বিএনপি থেকে শরিক দলকে আসন ছেড়ে দেওয়ার ঘটনা নেই। তবে জামায়াতে ইসলামি জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দিনাজপুর-৫ আসনটি ছেড়ে দিয়েছে। সেখানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ জোটের প্রার্থী হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কোন প্রার্থী এ আসনে নেই।#