
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে ধানের শীষ পেলেন তারেক জিয়ার আইন উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সহভাপতি ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ৩৪টি আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেন। এদের মধ্যে ব্যারিষ্টার একেএম কামরুজ্জামানকে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
এর আগে প্রথম দফায় গত ৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল দলটি। এর দিনাজপুরের ৬টি আসনের মধ্যে ৫টি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়।
দিনাজপুরের বাকি পাঁচটি আসনের প্রার্থীরা হলেন দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ), মো. মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-২(বোচাগঞ্জ-বিরল) মো. সাদিক রিয়াজ, দিনাজপুর-৩(সদর) বেগম খালেদা জিয়া, দিনাজপুর-৪(চিরিরবন্দর-খানসামা) মো. আখতারুজ্জামান মিয়াঁ, দিনাজপুর-৬(বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
এদিকে ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান দিনাজপুর-৫ আসনে ধানের শীষের মনোনয়ন পাওয়ায় ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন, সকল বিভেদ ভুলে সবাইমিলে একসাথে কাজ করে আমরা ধানের শীষকে বিজয়ী করে দলকে এই আসনটি উপহার দেব। একইসাথে তিনি আশা প্রকাশ করেন তারা অবশ্যই সফল হবেন।