দিনাজপুর-৫ আসনে বিএনপির দুই বিদ্রোহীসহ সাত প্রার্থীর প্রতীক নিয়ে ভোটের লড়াই শুরু


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিশের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেছেন। জামায়াতের প্রার্থী আনোয়ার হোসেন এবং খেলাফত মজলিশের প্রার্থী আব্দুল কাদের চৌধুরী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে জোটের প্রার্থী হিসেবে এনসিপির প্রার্থী ডা. আব্দুল আহাদ কে সমর্থন দিয়েছেন।
আজ বুধবার রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে ভোটের মাঠে নেমেছেন সাতজন প্রার্থী। এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ওই দিন জামায়াত ও খেলাফত মজলিশের প্রার্থীরা তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ঋণ খেলাপির দায়ে আমজনতা পার্টির প্রার্থী ইব্রাহিম আলী মণ্ডলের মনোনয়ন বাতিল করা হয়। পরে জামায়াত ও খেলাফত মজলিশের দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় মাঠে প্রতিদ্বন্দীতা করছেন ৭জন প্রার্থী।
এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান, শাপলা কলি প্রতীক নিয়ে ১০-দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা ডা. আব্দুল আহাদ, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী আব্দুল গফুর ভোটের মাঠে রয়েছেন।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন সহকারী অধ্যাপক রোস্তম আলী এবং হরিণ প্রতীক নিয়ে অ্যাডভোকেট হযরত আলী বেলাল।
এছাড়া বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এ জেড এম রেজওয়ানুল হক এবং কলস প্রতীক নিয়ে পার্বতীপুর উপজেলা বিএনপির সদস্য এস এম জাকারিয়া বাচ্চু।
দিনাজপুর-৫ আসনে দুটি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন রয়েছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭১ হাজার ২২০ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩৬ হাজার ১৮৭ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৩০ জন।
ফুলবাড়ী উপজেলায় একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৫৬ হাজার ২১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৭ হাজার ৮৯৬ জন, নারী ভোটার ৭৮ হাজার ৬১৩ জন এবং হিজড়া ভোটার ১ জন। অন্যদিকে পার্বতীপুর উপজেলায় একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ১৪ হাজার ৭১০ জন। এখানে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৩৪ জন, নারী ভোটার ১ লাখ ৫৭ হাজার ৫৭৪ জন এবং হিজড়া ভোটার ২ জন।
