দিনাজপুর-৬ আসনে ধানের শীষের প্রার্থী ডা. জাহিদ হোসেন নির্বাচিত


হিলি প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১১ দিনাজপুর-৬ আসনের বহুল প্রতীক্ষিত নির্বাচনের ফলাফলে ধানের শীষ প্রতীকের কান্ডারী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
ভোট গণনার শুরু থেকেই এগিয়ে থাকা এই প্রার্থী শেষ পর্যন্ত জয় নিশ্চিত করলে তার সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়ে। ফলাফল ঘোষণার পর নির্বাচনি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বিভিন্ন স্থানে সমর্থকদের উল্লাস করতে দেখা যায়।
দিনাজপুর-৬ আসনের চার উপজেলার ১৯৯ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু জাফর মো. জাহিদ হোসেন মোট ১ লাখ ৯৬ হাজার ৫৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আনওয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৭৭৭ ভোট।
অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন তাঁর ফেসবুক পেজে পোষ্ট দিয়েছেন দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ১৫৯৭৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
নির্বাচনের দিন সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্র গুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা পুরো নির্বাচনী পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।
ফলাফল ঘোষণার পর বিভিন্ন স্থানে বিজয় মিছিল, আনন্দ-উল্লাস এবং শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য দেখা গেছে। বিজয়ী প্রার্থীর সমর্থকরা এ জয়কে জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন বলে মন্তব্য করেছেন। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত প্রতিনিধি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অন্যদিকে, নির্বাচনকে ঘিরে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ থাকায় প্রশাসনের ভূমিকারও প্রশংসা করেছেন স্থানীয়রা। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
এদিকে নির্বাচনের ফলাফল ঘিরে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। স্থানীয়দের মতে, এনির্বাচনের ফলাফল রাজনৈতিক অঙ্গনে নতুন দিক উন্মোচন করবে এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তারা আশাবাদী।
