দেশ মা পরিবারের ঈদ উপহার পেলেন প্রতিবন্ধী ওমরের পরিবার


নিজস্ব প্রতিবেদক
দুই হাত নেই ওমরের। ভুগছেন কিডনিসহ জটিল রোগে। ঠিকমত করতে পারেন না চলাফেরা। সংসারে তিন মেয়ের মধ্যে দুজনই থাকেন ওমরের বাড়িতে। একমাত্র ছেলেটাও মানসিক প্রতিবন্ধী। কয়েক দিন বাদেই ঈদ। দুশ্চিন্তায় শারীরিক অবস্থা আরও খারাপ হচ্ছিলো ওমরের।
ওমরের অসহায় পরিবারের পাশে দীর্ঘদিন থেকে সহায়তার হাত বাড়িয়ে আসছে দেশ মা পরিবার। তারই ধারাবাহিকতায় রাতের আঁধারে ঈদের উপহার নিয়ে তার বাড়িতে হাজির হয় দৈনিক দেশ মা’র ভারপ্রাপ্ত সম্পাদক ও ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, দৈনিক দেশ মা’র ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, সহ-সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি মেহেদি হাসান উজ্জ্বল ও দেশ মা’র অনলাইন ইনচার্জ ও দৈনিক আমার দেশ পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি মোকাররম হোসেন।
সরেজমিনে পৌর এলাকার কানাহার (বুন্দিপাড়া) ওমরের বাড়িতে আজ সোমবার রাতে গিয়ে দেখা যায়, অসুস্থ ওমর যন্ত্রনায় কাতরাচ্ছে। অর্থাভাবে ঠিক মত ওষুধ না পেয়ে হঠাতই বেড়ে যায় যন্ত্রনা। ছোট ছোট টিনের ঝুপড়ি ঘরে ছেলে মেয়ে নাতি নিয়ে বসবাস করছেন ওমর। বাড়ির যাতায়াতের রাস্তাঘাটের অবস্থা দেখে অনুমান করা যায় তার দূরাবস্থা কতটা নাজুক। বাড়িতে প্রবেশ করতেই আনন্দে আত্মহারা ওমরের পরিবার। কারণ, প্রতিবছর ঈদের সময় কেউ খোঁজ না করলেও দেশ পরিবার বা আনন্দ কুমার গুপ্ত ঠিকই তার খবর রাখেন।
এসময় অসহায় ওমরের পরিবারে জন্য ঈদ উপহার স্বরুপ কয়েক পদের সেমাই, চিনি, পরিবারের সবার জন্য নতুন কাপড় ও নগদ অর্থ তুলে দেন দৈনিক দেশ মা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম ডিফেন্স ও ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত।
ঈদ উপহার পেয়ে চোখে মুখে আনন্দের ছাপ ফুটে ওঠে ওমরের পরিবারের।
