শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ধানক্ষেতে পড়ে ছিল তরুণের মরদেহ পাশে রক্তমাখা টি-শার্ট


গঙ্গাচড়া প্রতিনিধি
রংপুরে ধানখেত থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার) সকালে গঙ্গাচড়া উপজেলার বিনোদনকেন্দ্র ভিন্নজগতের পাশে খলেয়া ইউনিয়নের লালচাঁদপুর নয়াপাড়া এলাকার ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর এক বন্ধুকে আটক করেছে পুলিশ। নিহত আবু সিয়াম (১৯) একই এলাকার আলতাব হোসেনের ছেলে। তিনি ভিন্নজগতে ফ্রিল্যান্সিং আলোকচিত্রী হিসেবে কাজ করতেন। বর্তমানে তাঁর মামার ইট-বালুর ব্যবসা দেখাশোনা করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে এক ব্যক্তি ভিন্নজগৎ এলাকার ক্যানেলের পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝে রক্ত ভেজা মাটি দেখতে পান। এ সময় তিনি চারপাশে তাকাতেই দেখেন রাস্তার পার্শ্ববর্তী একটি ধানখেতে একজনের মরদেহ পড়ে আছে। তাঁর পরনে শুধু লুঙ্গি ছিল। খবর পেয়ে পুলিশ ও রংপুর সিআইডি এসে লাশে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় লাশের পাশে একটি ভাঙা চাকু এবং একটি রক্তমাখা টি-শার্ট আলামত হিসেবে জব্দ করা হয়। নিহত সিয়ামের বাড়িতে গেলে দেখা যায় বাড়ির উঠানে বিলাপ করছেন মা সাদেকা বেগম। এ সময় তিনি বলছিলেন, ‘ওরে মোর সোনার বাবারে তুই মোক ছাড়ি কোনটে গেলুরে। মোর সোনার বাবাটা যদি কারও কোনো ক্ষতি করি থাকে তাইলে মোক আসি কইলেন না কেনে, মোর বাবার জন্যে না হয় মুই মোর এই জানটা কোরবানি করি দিনু হয়। নিহত সিয়ামের ভাগনে সোহাগ (১৯) বলেন, গত রোববার সন্ধ্যায় আমি আর মামা একসঙ্গে ভিন্নজগৎ হয়ে পাগলাপীর যাওয়া কথা ছিল। অর্ধেক রাস্তা যেতেই মামার মোবাইল ফোনে একটি কল আসে, এরপর আমি আর মামা পাগলাপীর না গিয়ে ভিন্নজগতের দিকে ফিরে আসি। সোহাগ আরও বলেন, ভিন্নজগৎ এলাকায় (লাশ উদ্ধারের ঘটনাস্থল) আসার পর এক ব্যক্তির সঙ্গে মামা কথা বলেন। অন্ধকার থাকায় তাঁকে দেখতে পাননি। এরপর তাঁরা নানাবাড়ি গিয়ে রাতে খাবার খেয়ে ফের বের হন। একপর্যায়ে তাঁর মামা তাঁকে বলেন, মোবাইল ফোনে চার্জ নেই। বাড়ি গিয়ে চার্জার নিয়ে আসবেন। এরপর তাঁর মামা আর ফেরেনি। রাতে খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, লাশের গলায় ছুরির কয়েকটি খত পাওয়া গেছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতে রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর ঘনিষ্ঠ এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This