
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক ব্যক্তির শরীরে অ্যানথ্রাক্স (Anthrax) রোগের উপসর্গ শনাক্ত হয়েছে। ঘটনাটিকে ঘিরে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও প্রাণিসম্পদ দপ্তর এলাকায় সতর্কতা জারি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত ব্যক্তি ১৫ দিন পুর্বে বাড়ির পাশে গরুর মাংস কাটাকাটির কাজে অংশ নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, ওই পশুর মাধ্যমেই সংক্রমণ ঘটতে পারে।
আজ শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার হাতিশাল গ্রামে গত শনিবার (১৮ অক্টোবর) এক ব্যক্তি হঠাৎ জর আসলে তিনি স্থানীয় চিকিৎসকের পরামর্শে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হোন। প্রাথমিক পর্যবেক্ষণে চিকিৎসকদের ধারণা অনুযায়ী অ্যানথ্রাক্সের উপসর্গ গুলো চিহ্নিত হয়।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুলাইমান মেহেদী বলেন, রোগীকে দিনাজপুর মেডিকেলে রেফার্ড করা হয়েছে। প্রাথমিকভাবে এটি অ্যানথ্রাক্সের সম্ভাব্য উপসর্গ বলে মনে হয়েছে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য
আইইডিসিআরে পাঠানো হয়েছে। ফলাফল এলে নিশ্চিত করে বলা যাবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, অ্যানথ্রাক্স সংক্রমণ সাধারণত অসুস্থ পশুর সংস্পর্শে এলে হয়ে থাকে। আমরা আশপাশের এলাকায় পশুগুলোর স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছি এবং টিকা দিচ্ছি। উপজেলায় আমরা ইতিমধ্যে সচেতনতার লক্ষ্যে মসজিদের খতিব, শিক্ষক,বিভিন্ন শ্রেণি পেশার মানুষকদের নিয়ে উঠান বৈঠক আলোচনা সভা অব্যাহত রেখেছি।