নবাবগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত


নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে RMTP প্রকল্পের আওতায় “উচ্চমূল্যের ফল–ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ” ভ্যালু চেইন উপ-প্রকল্পের ফল বাগানে স্প্রিংকলার ইরিগেশন সিস্টেমের ফলাফলের ওপর কৃষক মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১২ টায় পিকেএসএফ ও গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় কৃষকদের স্প্রিংকলার সেচ ব্যবস্থার কার্যকারিতা, ফল উৎপাদন বৃদ্ধিতে এর ভূমিকা এবং আধুনিক কৃষি উদ্ভাবন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসময় নবাবগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মুকুল বাবু, জিবিকের প্রকল্প ব্যবস্থাপক আ ন ম খালিদ সরকার ও কৃষক মাহফুজ বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কম পানি ব্যবহার করে সহজে ফল বাগানে সেচ কার্যক্রম পরিচালনায় স্প্রিংকলার পদ্ধতি অত্যন্ত কার্যকর। এতে শ্রম ও পানি দুটোই সাশ্রয় হয় এবং গাছপালার ওপর সমানভাবে পানি পৌঁছায়। ফলে ফলন বৃদ্ধি পায় এবং উৎপাদন খরচ কমে।
