শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে প্রতিপক্ষের ছোড়া তীর বিদ্ধ হয়ে গুরুতর আহত ৩

নবাবগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে জমিতে কাজ করতে গিয়ে প্রতিপক্ষের ছুড়ে মারা ধনুকের তীর বিদ্ধ হয়ে ৩জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন চক নওদা গ্রামের মজমাল হকের ছেলে মঞ্জুরুল ইসলাম, মোনারুল ইসলাম, একই গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে সাইদুর রহমান। আজ (সোমবার) সকাল ৭টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চক নওদা নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহত সাইদুর রহমানের ভাই সাজু মিয়া বলেন- তার ভাই সাইদুর রহমান ও অপর আহতদের করা একটি উচ্ছেদ মামলায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চক নওদা মৌজার ২.১২ শতক জমি আদালত হতে রায় পান এবং আদালতের প্রতিনিধি গত ৩০ জুলাই তাদের জমি বুঝিয়ে দেন। ঐ জমিতে আজ (সোমবার) সকালে তার ভাই সাইদুর, জমির অপর অংশীদার মঞ্জুরুল ও তার ভাই মোনারুল আইল কাটার কাজ করতে গেলে প্রতিপক্ষরা তাদেরকে উদ্দেশ্য করে তীর ছুড়ে মারলে তারা তীর বিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন আছেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দোষী ব্যক্তিদের আটকের অভিযান অব্যাহত আছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This