
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ মামলায় তানভীর (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
আজ সোমবার রাত ৩ টার দিকে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তানভীর ফুলবাড়ী উপজেলার দুধিয়াপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের পর ভুক্তভোগী তরুণী (১৭)-এর সঙ্গে তানভীরের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে।
পরে বিয়ের করার কথা বললে তানভীর ওই তরণীকে বিয়ে করতে তালবাহানা করে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী পরিবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পরে ভুক্তভোগী ওই তরুণী ৯খ নারী ও শিশু নির্যাতন আইনে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তানভীরকে গ্রেপ্তার করে নবাবগঞ্জ থানা পুলিশ।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহামুদুর রহমান জানান, মামলার ভিত্তিতে আসামি তানভীর কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।